
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সরদার তার ব্যক্তি মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি জানান, মাঘুরালী (চাঁদের পুকুর) এলাকায় তার পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত রেকর্ডভুক্ত জমি রয়েছে, যা তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এবং আদালতে একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও তার মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এছাড়া তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং প্রশাসনের কাছে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সাইদুল ইসলাম। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হামিদুল হক সরদার, অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে সাইদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন