
স্পোর্টস ডেস্ক: ‘দ্য হান্ড্রেডে’ গতকাল তাণ্ডব চালিয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। প্রতিযোগিতায় দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে সানরাইজার্স লিডস টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডসহ একাধিক নতুন রেকর্ড গড়েছে।
লন্ডন স্পিরিটের বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের এই অধিনায়ক মাত্র ১৫ বলে নিজের ফিফটি পূর্ণ করেন।
তার এমন ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ইনিংস শেষে সানরাইজার্স লিডসের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৪১ রান।
ব্রুকের এই খুনে ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৫টি চারের মার।
এর মধ্যে ডিপ-মিডউইকেটের ওপর দিয়ে মারা তার একটি ‘নো-লুক’ ছক্কা হেডিংলি স্টেডিয়ামের ছাদে গিয়ে আছড়ে পড়ে। জেমি ওভারটনকে টানা চারটি বাউন্ডারি মারার পর ইনিংসের তিন বল বাকি থাকতে ডেভিড উইলির বলে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন।
সানরাইজার্সের এই ২৪১ রানের বিশাল সংগ্রহ ওভাল ইনভিনসিবলসের গত বছরের করা ২২৬ রানের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই পাহাড়সম সংগ্রহের ভিত্তি গড়ে দিয়েছিলেন ওপেনার মিচেল মার্শ ও রায়ান রিকেলটন। এই জুটি মাত্র ৬৪ বলে ১৪৮ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়েন, যা টুর্নামেন্টের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। মার্শ ৩৭ বলে ৭৬ রান করে আউট হন।
ইনিংস শেষে দেখা যায়, সানরাইজার্স এই ম্যাচে মোট ২১টি ছক্কা মেরেছে, যা হান্ড্রেড ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ। শেষ বলে ড্যান লরেন্স ছক্কা মেরে এই রেকর্ড পূর্ণ করেন। এর আগের রেকর্ডটি ছিল ওভাল ইনভিনসিবলসের, যারা এক ইনিংসে ১৭টি ছক্কা মেরেছিল।
জবাবে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লন্ডন স্পিরিট। ইনিংসের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টো বিদায় নেন। এরপর দ্রুতই আরও কয়েকটি উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। মিডল অর্ডারে জেমস কোল ও জেমস রিউ সুবিধা করতে পারেননি।
তবে সাত নম্বরে নামা ডেভিড উইলি পাল্টা লড়াই শুরু করেন। ব্রাইডন কার্সের করা দুই নো-বল সম্বলিত একটি বাজে ওভারকে কাজে লাগিয়ে তিনি দ্রুত রান তোলেন। ডেওয়াল্ড ব্রেভিস আউট হওয়ার পর উইলি একাই দলকে টেনে নিয়ে যান এবং ৩১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তার ব্যাটিংয়ে ভর করে ২০০ রানের গণ্ডি পার করে লন্ডন স্পিরিট।
শেষ পর্যন্ত লন্ডন স্পিরিট ৩৭ রানে হারলেও এই ম্যাচটি আরও কিছু রেকর্ড বইয়ে ওলটপালট ঘটিয়েছে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৩১টি ছক্কা হয়েছে, যা একটি ম্যাচে সর্বোচ্চ। এছাড়া দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট ৪৪৫ রান হয়েছে, যা দ্য হান্ড্রেড ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান।
এই জয়ের ফলে সানরাইজার্স লিডস নকআউট পর্বে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করেছে। তারা বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে এবং তাদের পয়েন্ট এখন তৃতীয় স্থানে থাকা এমআই লন্ডনের সমান। অন্যদিকে ৫ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে ধুঁকছে লন্ডন স্পিরিট।
মন্তব্য করুন