শ্যামনগর প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি মানতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানের স্টেজ খুলে দিয়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকালে আটুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দোয়া অনুষ্ঠানের জন্য একটি অস্থায়ী স্টেজ নির্মাণ করা হয়। তবে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ড. মোঃ মনিরুজ্জামান এক ঘণ্টার নোটিশ দেন এবং নিজ দলের নেতাকর্মীদের মাধ্যমেই স্টেজটি অপসারণ করান।
স্টেজ অপসারণের পর সেখানে কোনো মঞ্চ ব্যবহার না করে সাধারণ পরিবেশে দোয়া অনুষ্ঠান পালন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
এ বিষয়ে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মানা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। কোনো ধরনের নিয়মভঙ্গ যেন না হয়, সেজন্যই স্টেজ খুলে দেওয়া হয়েছে। পরে সাধারণভাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদেরও আচরণবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।










