
সুলতান শাহাজান, শ্যামনগর: জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শ্যামনগরে মহান বিজয়ের ৫৩তম দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে ৩১ বার ত্বপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরবর্তীতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে আটটায় উপজেলার গোপালপুরস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৭১ এর বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী শহীদ আবুল কালাম আজাদ, সুবেদার ইলিয়াসসহ অপরাপর শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণসহ দোয়া করা হয়।
শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে অফিসার ইনচার্জ হুময়ায়ুন কবীর মোল্যার নেতৃত্বে শ্যামনগর থানাসহ লেডিস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও রিপোটার্স ক্লাবসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুত সমিতি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বেলা সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্যামনগর মডার্ন স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সংগীতের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন। পরবর্তীতে শান্তির প্রতীক কবুতরসহ বেলুন উঠিয়ে একই মাঠে অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলায়াতসহ গীতা পাঠ করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ওসমান গনি, ওয়াহেদ আলী, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতমের পাশাপাশি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।
এদিকে বিজয় মেলায় অংশ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভূমি আইন ও নামজারিসহ নানা আইনের পুস্তক বিতরণ করা হয়।
মন্তব্য করুন