
ডেস্ক রিপোর্ট: কলেজ ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় আশাশুনির মৌলভী আব্দুল লতিফ কলেজের মাঠে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মৌলভী আব্দুল লতিফ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন বলেন, তার এক সহপাঠীকে আনুলিয়া গ্রামের মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ এপ্রিল কলেজে আসার পথে সুকৌশলে তাকে অপহরণ করে এবং রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত ধর্ষকরা গ্রেপ্তার হয়নি।
একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মেরিনা খাতুন বলেন, আমরা মানববন্ধন থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আর যেন এমন ঘটনা কোন ছাত্রীর সাথে না ঘটে।
মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র মন্ডল বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে ধর্ষকরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তবে পুলিশ তাদের গ্রেফতার করছে না। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না?
ওই কলেজ ছাত্রীর পিতা বলেন, কলেজে যাওয়ার পথে আনুলিয়া গ্রামের দুই ব্যক্তি আমার মেয়েকে মাইক্রো যোগে উঠিয়ে নিয়ে রাতভর শারীরিক নির্যাতন করে। আমি ওই দুই ধর্ষকের বিরুদ্ধে কোর্টে মামলা করি। বর্তমান মামলাটি আশাশুনি থানার ওসির তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমান আসামিরা আমাদেরকে দেশ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম বলেন, আমরা কলেজের পক্ষ থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফিন বলেন, কলেজছাত্রী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কোর্টে মামলা হয়েছে। কোর্ট থানাকে নির্দেশ দিলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মানববন্ধন কর্মসূচিতে প্রভাষক দীপ্র মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন, মেরিনা সুলতানা ও পুষ্পা সুলতানা প্রমুখ।
মন্তব্য করুন