
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ২০টি কিন্ডারগার্টেনের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের একটি পরিপত্রে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে সারাদেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনের প্রায় ৭০ লক্ষ শিক্ষার্থী বঞ্চিত হওয়ার আশংকা তৈরি হয়েছে।
মানববন্ধনের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও কে.বি. আহছানউল্লা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কুমার বসাক।
মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির।
বক্তব্য রাখেন সেক্রেটারি শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সহ-সভাপতি খান আলাউদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, খান তাওহিদুর রহমান হেলাল, জি.এম. আবু ফরহাদ, জি.এম. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ মহাসিন, তাপস কুমার ঘোষ, শেখ ইস্তাকফার হোসেন, সুবোধ চন্দ্র ঘোষ, সুব্রত মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, আবু আলম, ওকালত হোসেন, মোঃ সফিউল্লাহ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ১৭ জুলাইয়ের পরিপত্র প্রত্যাহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
মন্তব্য করুন