

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তিন পাশ দিয়ে ঘিরে থাকা উপকূল রক্ষা বাঁধে অবৈধভাবে বসানো পাইপ অপসারণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ ছিদ্র করে বসানো এসব পাইপের কারণে দুর্বল হয়ে পড়ে বেড়িবাঁধ। হারিয়ে ফেলে সামান্য জোয়ার বা জলোচ্ছ্বাসের চাপ সহ্য করার ক্ষমতা।
এ কারণে অবৈধভাবে বসানো এসব পাইপ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছে উপকূলবাসী।
মঙ্গলবার (১২ আগস্ট) দিনভর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা শ্যামনগরের আটুলিয়া এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের আওতাধীন বেশকিছু সংখ্যক পাইপ অপসারণ করে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর পওর উপ-বিভাগ) মো: ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যান্য কর্মচারীরা।
পাউবো কর্তৃপক্ষ জানায়, এ সকল পাইপ দিয়ে নদী থেকে মৎস্য ঘেরের জন্য লবণ পানি উত্তোলন করা হয়। বিগত সময়ে এ সকল পাইপ লিকেজ হয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের নজির রয়েছে। বর্তমান সরকার বেড়িবাঁধে স্থাপিত সমস্ত অবৈধ পাইপ উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেছে।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর পওর উপ-বিভাগ) মো: ইমরান সরদার বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ পাইপ উচ্ছেদ করা হবে। এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন