
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গদাইপুর ইউপি’র হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদ সংলগ্ন সংস্কারাধীন বেড়িবাঁধ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে কৃষি, মৎস্য ও বসতবাড়ির ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার গদাইপুরের হিতামপুর মৌজার চরেরবিল এলাকায় কপোতাক্ষ নদের বাঁধে অব্যাহত ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি ১৭০ মিটার বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে সেটি মেরামতের জন্য ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ চলাকালীন গত ১২ আগস্ট দুপুরের দিকে মেরামত করা বাঁধ আবারও ধসে পড়ে, যা এলাকাবাসীর মধ্যে আতংক তৈরি করেছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হলে উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী (এসডিও) এস এম রিফাত বিন রফিক বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙন রোধে নতুন প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানান।
স্থানীয় জমির মালিক ও ঘের ব্যবসায়ী তৈয়েবুর রহমান বলেন, এক বছর আগে ভয়াবহ ভাঙনে চরেরবিল পুরোপুরি প্লাবিত হয়ে প্রায় ১ হাজার ৬০০ বিঘা জমির মাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। পরে সরকারি ও স্থানীয়দের যৌথ উদ্যোগে বিকল্প বাঁধ নির্মাণ করে পরিস্থিতি সামাল দেয়া হয়। এখন আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ার আশংকা দেখা দিয়েছে।
ঘের মালিক মিনারুল ইসলাম বলেন, আমার কয়েকটি চিংড়িঘের রয়েছে। এছাড়া ১ হাজার ৬০০ বিঘা জমিতে চিংড়ি চাষ চলছে, কিছুদিন পর ধান রোপণ হবে। বর্তমান অবস্থায় দ্রুততম সময়ে বাঁধ মজবুত না করলে কৃষকরা ধান ও মাছ চাষে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক বলেন, সরেজমিনে গিয়ে দেখেছি পানির চাপ অত্যন্ত বেশি। এই অবস্থায় ভাঙন কেবল অস্থায়ী মেরামতে রোধ করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন