বেনাপোল প্রতিনিধি : সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের (৭৫) মরদেহ দেখলো তার বাংলাদেশের আত্মীয়-স্বজনরা।
বুধবার (০১ অক্টোবর) দুপুর ২টার বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের ধান্যখোলা কোম্পানি সদরের দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস এর নিকটবর্তী ধান্যখোলা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর যৌথ প্রচেষ্টায় জব্বার মন্ডলকে শেষবারের মতো দেখার সুযোগ পান তারা।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিএসএফ এর কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।
এ সময় উপস্থিত ছিলেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়।
মন্তব্য করুন