
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচিত্র নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লতার মুনকিয়া এলাকার জনৈক ব্যক্তির ১৩ বছরের একটি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে রয়েছে। প্রতিবন্ধী ওই কিশোরী প্রতিদিন এলাকার নদীর ধারে ছাগল চরাইতে যেত। এ সুযোগে একই এলাকার কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র মল্লিক (৩৩) তাকে বিভিন্ন সময়ে খাবার খাওয়ার জন্য টাকা দিতো। প্রতিদিনের ন্যায় প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকালে গুনখালী নদীর ধারে ছাগল চরাইতে গেলে বিচিত্র তাকে কিছু টাকা দিয়ে তার মৎস্য ঘেরের পাশে গেওয়া বাগানে ডেকে নিয়ে যায়। এরপর হাত বেধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরী চিৎকার দিলে লোকজন ছুটে আসে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় বিচিত্র। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবন্ধী ওই কিশোরীর নানা আব্দুস সাত্তার সানা (৬২) বাদী হয়ে বিচিত্রকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। যার মামলা নং ০৭ তাং ০৯-১১-২০২৫।
এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন