
ডেস্ক রিপোর্ট: সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এসময় তারা দল থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবি জানান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের মিলবাজার মোড় থেকে কয়েক’শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে অবস্থান নেয়। সেখানে রাস্তায় শুয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। এতে খুলনা-সাতক্ষীরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় তারা বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে অবিলম্বে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিক্ষোভস্থলে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব প্রমুখ।
বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির কারণে আমতলা মোড় ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মন্তব্য করুন