মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুশীলন অফিসের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই গণশুনানির আয়োজন করে।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় পরিচালিত সুন্দরবন ম্যানগ্রোভ বন ও সংলগ্ন অঞ্চলে পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত গণশুনানিতে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষা আমাদের সবার নৈতিক দায়িত্ব। পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই সমস্যা সমাধানে তরুণ সমাজ, ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রশিক্ষক খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ।
গণশুনানিতে উপজেলা পর্যায়ের ইয়ুথ ফর সুন্দরবন’র সদস্য, সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।
মন্তব্য করুন