
শ্যামনগর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির উদ্যোগে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের বিভেদ ভুলে উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতা–কর্মীরা এই র্যালিতে অংশ নেন।
সোমবার (১৬ ডিসেম্বর) শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিজয় র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পরে গোপালপুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গোপালপুরে শায়িত শহীদদের কবর জিয়ারত করা হয়।
এসময় সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, অ্যাড. আশেক এলাহী মুন্নাসহ বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করাই বিজয় দিবসের মূল শিক্ষা। তারা বলেন, দলের ভেতরের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও পৌর, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন