
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ধানের শীষের প্রার্থী জয়ী হলে এবং কেন্দ্রে বিএনপি সরকার গঠন করলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আরও বলেন, উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য শ্যামনগরে ২৫০ শয্যা হাসপাপতাল নির্মাণ করা হবে। এছাড়া প্রাকৃতিকভাবে পরিবেশ সৃষ্ট থাকার সুযোগে শ্যামনগর সংলগ্ন পাঁচ নদীর মোহনায় সামুদ্রিক বন্দর গড়ে তোলা হবে।
বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নীত করা হবে।
প্রধান অতিথির বক্তেব্যে হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ কোন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর না। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হলে সকলকে নিয়ে দেশ পুনগর্ঠন করবেন তারেক রহমান।
সভাপতির বক্তব্যে বিএনপি প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থ রক্ষায় আমি অঙ্গীকারাবদ্ধ। শ্যামনগরের জনগণ নির্বাচিত করলে শ্যামনগরে মিনি এয়ারপোর্ট স্থাপনসহ তরুণ ও যুব সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো।
অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা থাকবে- দাবি করে তিনি আরও বলেন, দলের কোন নেতা-কর্মী অত্যাচারী বা দখলবাঁজিতে জড়িত হলে আমি মজলুমের পক্ষে অবস্থান নেব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা সায়েফ আলী খান, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ, জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তার প্রমুখ।
শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঢলে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিকাল চারটায় মূল জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে।
বর্ণিল সাজে সজ্জিত হয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসতে থাকেন। দলীয় ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে তারা স্লোগান দিতে দিতে পৌর সদরের প্রধান সড়ক অতিক্রম করেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শ্যামনগর পৌর সদর।
বিকাল চারটার পর প্রধান অতিথি হুমায়ুন কবির ও বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাদের স্বাগত জানান। এর আগেই দুপুরের পর থেকে বিদ্যালয়ের বিশাল মাঠ জনসমাগমে পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা জনসভায় ভিন্ন মাত্রা যোগ করে।

মন্তব্য করুন