
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
তার অভিযোগ, ২০১৩ সালে তৎকালীন সরকার তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও গায়েবী মামলা দায়ের করে।
তিনি জানান, ২০১৫ সালের ২৮ জুন দেবহাটা থানার কুলিয়া ব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পরে রাতে নির্জন স্থানে নিয়ে গুলি করা হলে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসার একপর্যায়ে তা কেটে ফেলতে হয়। পরবর্তীতে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এক পা হারিয়েও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন দলের স্থানীয় ইউনিটের সহ-সভাপতি হিসেবে।
তার ১৮ মাস বয়সী কন্যা আয়েশা সিদ্দিকা হৃদরোগে আক্রান্ত; চিকিৎসকদের মতে, আয়েশার জরুরি অস্ত্রোপচারের জন্য পাঁচ লক্ষ টাকার বেশি প্রয়োজন।
এমনই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে গত ২০ জানুয়ারি গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন আলমগীর হোসেন। এ সময় তারেক রহমান তার কন্যার চিকিৎসা ব্যয় বহনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন