
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় আহত শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মাদ আলী গাজী (৭৫) শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মোহাম্মাদ আলী গাজী জানান, ভিটাবাড়ির সম্পত্তি নিয়ে তার মেজো ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তার বড় ছেলের বিরোধ রয়েছে। এ নিয়ে বড় ছেলে মোঃ রবিউল ইসলাম, পুত্রবধূ মোছাঃ মমতাজ খাতুন ও ইয়াছিনসহ ৩/৪ জনের বিরুদ্ধে তাদের মারধর ও জমি জবর দখলের অভিযোগ তোলেন তিনি। অভিযোগে তাদের পরসম্পদলোভী, জবরদখলকারী ও দুর্ধর্ষ প্রকৃতির বলে উল্লেখ করা হয়।
তিনি আরও বলেন, মেজো ছেলে শফিকুল ইসলামের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করলে শফিকুল ইসলাম আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বড় ছেলে মেজো ছেলের ভিটাবাড়িতে প্রবেশ করে জবর দখলের চেষ্টা চালায়। সে সময় মেজো ছেলে বাড়িতে না থাকায় তিনি (পিতা মোহাম্মদ আলী গাজী) বাধা দিলে লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
পরে তার স্ত্রী আফরুজা বেগম স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে অভিযোগকারীর বড় ছেলে রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পিতা-মাতার ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। গ্রামের কেউই এ ধরনের ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবে না বলেও দাবি করেন তিনি।
পাল্টা অভিযোগ করে রবিউল ইসলাম বলেন, বরং আমার স্ত্রীকে মারধর করে আহত করা হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরেছি। তিনি দাবি করেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন