ডেস্ক রিপোর্ট: সরকারের ইঙ্গিত অনুযায়ী এবছরই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এলক্ষ্যে বেশ আগেভাগেই সাতক্ষীরার সাতটি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত ও ঘোষণা করেছে জামায়াত। এসব প্রার্থীরা ঈদকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন প্রচারণাও।
সম্প্রতি সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার সাতটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ হাসান, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওমান গণি, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক এমপি মাওলানা রিয়াছাত আলীর ছেলে ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আবছার, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা মনির প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক নূরুন্নাহার ইতি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান পদে হাফেজ ইমদাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নাব পারভীন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীরা এখন থেকেই সাধারণ ভোটারদের কাছে গিয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতে পারবেন, যা ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে জয়ী হতে সুবিধা দেবে।
তিনি আরও জানান, মনোনয়ন ঘোষণার পাশাপাশি প্রার্থীদের জন্য প্রচারণার সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, মনোনীত প্রার্থীদের প্রচারের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অনলাইন, ডিজিটাল মাধ্যম এবং ফেস্টুন-ব্যানারের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন