
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় চিকিৎসার জন্য সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের নেতা আত্তাব গাজী (৪৫) কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা আত্তাব গাজী লিভার টিউমার ও সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
তার স্ত্রী শাহিদা খাতুন ও চার কন্যা চরম অনিশ্চয়তার মধ্যে দিনানিপাত করছেন। এমন অবস্থায় স্বামীর চিকিৎসার খরচ জোগাতে ছোট কন্যাকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে বাধ্য হয় পরিবারটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে বিএনপি নেতা এস এম এনামুল হকের।
রোববার (২৯ মার্চ) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং চিকিৎসাধীন আত্তাব গাজীর খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তার স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের ব্যবস্থা করেন এবং প্রয়োজনে ভারতে পাঠানোর উদ্যোগও গ্রহণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা লিটন এ আর খান, বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনি, লিটন খান, শেখ জাহিদুর রহমান, ইউপি সদস্য শেখর ঢালী, ওবায়দুল্লাহ সরদার প্রমুখ।
মন্তব্য করুন