
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে মজুদকৃত ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের মুদির দোকান থেকে এই পেট্রোল জব্দ করা হয়। এসময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পিছনে ৪টি ড্রামে ৮শ লিটার পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ। এসময় সেখান থেকে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত পেট্রোল উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে পাঁচ লিটার করে বিক্রি করা হয়। বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া ওই দোকানিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন