কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার ফকির রাস্তা বাজার এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের নজরুল মোড়লের ছেলে। তিনি কেশবপুর মধ্যকুল ফিলিং স্টেশনে নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এ অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং নাঈম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে খুলনায় পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে নাঈমের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বৃষ্টির সময় ও রাতে সড়কে যানবাহন চলাচলে সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা মহাসড়কে ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
মন্তব্য করুন