মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কল্পনা রানী মল্লিক ওই গ্রামের শ্রী নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরের বারান্দা থেকে কল্পনা রানীকে একটি বিষধর কালাচ সাপ কামড় দেয়। এসময় তাকে হাসপাতালে না নিয়ে পারিবারিক ও স্থানীয় ওঝা-বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।
এতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার (২ জুন) সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তার এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ সাপের কামড়ের পর ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে গিয়ে ওয়ান স্টপ অ্যান্টিভেনম চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন