পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গণপিটুনিতে হাসান কিং (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাটে এই ঘটনা ঘটে।
নিহত হাসান চাঁদখালীর মালেক সরদারের ছেলে।
পশুর হাটের ইজারাদারের অভিযোগ, হাটে টাকা ছিনতাইয়ের সময় গণপিটুনির এ ঘটনা ঘটে।
অন্যদিকে নিহতের পরিবারের অভিযোগ, বাজারে এক মহিলার সামনে প্রসাব করাকে কেন্দ্র করে দলবদ্ধভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, এ ঘটনা কে কেন্দ্র করে নিহতের পরিবার ইজারাদারের ব্যবসা প্রতিষ্ঠান ও তার লোকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন ইজারাদার ও ক্ষতিগ্রস্তের পরিবার।
এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
পশুর হাটের আদায়কারী আজহারুল ইসলাম বলেন, ঘটনার দিন হাট শেষে ব্যাগে করে হাটের টাকা নিয়ে ইজারাদার নাজমুল হুদা মিন্টুর বাজার সংলগ্ন অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে পশু হাটের কর্ণারে পৌঁছানোর পর হাসান কিং আমাকে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে হাসানকে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. অয়ন কুমার সরকার বলেন, রাত ৯ টার দিকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, ওই রাতে এবং সোমবার ভোরে নিহতের পরিবারের লোকজন ইজারাদার নাজমুল হুদা মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান ও কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অভিযোগ উঠেছে।
নাজমুল হুদা মিন্টু বলেন, হাসানের পরিবারের লোকজন রাতে এবং সকালে আমার অফিস ও হ্যাচারিতে হামলা করে। এসময় তারা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে।
অন্যদিকে আব্দুল কুদ্দুস মোড়লের স্ত্রী পারভীন বেগম বলেন, সোমবার ভোরে হাসানের পরিবারের লোকজন আমার এবং দেবর ইমরানের বসতবাড়িতে হামলা করে ফ্রিজ এবং পানির ট্যাংকসহ বসতবাড়ির সব আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় অগ্নিসংযোগ করতে নিষেধ করলে তারা প্রতিবেশী আসাদুল ইসলামকে মারপিট করে।
আব্দুর রাজ্জাক বলেন, হাসান মাদকের কারবার ও চুরিসহ এমন কোন খারাপ কাজ নেই যা করতো না। এর আগেও এলাকার মানুষ তাকে দুই বার গণধোলাই দিয়েছিল।
মন্তব্য করুন