
আন্তর্জাতিক ডেস্ক: ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য ভিসা প্রদান ও সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি সরকার।
দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু ওই তিন দেশ থেকে সরাসরি আগত যাত্রীদের জন্য নয়, তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও তা কার্যকর হবে।
এছাড়া সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
একই সঙ্গে সৌদি নাগরিকদেরও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়াকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।
প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
সৌদি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য করুন