
স্পোর্টস ডেস্ক: দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ফুটবলে যা কিছু ছুঁয়েছেন, তার প্রতিটি জিনিসই একেকটি অমূল্য শিল্পকর্মে পরিণত হয়েছে। জার্সি, বুট, স্মারক কিংবা ট্রফি; সবকিছুই ফুটবলপ্রেমীদের কাছে একেকটি অমূল্য রত্ন।
তবে এর কোনোটিই ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেই ঐতিহাসিক ম্যাচের বলটির মতো বিশেষ নয়। যে বলটি দিয়ে একই ম্যাচে ম্যারাডোনা করেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ এবং পরবর্তীতে ‘শতকের সেরা গোল’ (গোল অব দ্য সেঞ্চুরি)।
এবার সেই বিখ্যাত ফুটবলটিই নিলামে উঠতে যাচ্ছে এক অবিশ্বাস্য চড়া মূল্যে।
চলতি ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ঠিক এই বুধবারেই যখন আবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড, ঠিক তার আগেই এই বলটির নিলামের খবর ফুটবল বিশ্বে নতুন উন্মাদনা তৈরি করেছে।
চার দশক পার হয়ে যাওয়ায় বর্তমানে বলটি কিছুটা জীর্ণ ও হাওয়াশূন্য হয়ে পড়েছে। বিখ্যাত জার্মান ব্র্যান্ডের ৫ নম্বর এই বলটি ছিল চামড়া ছাড়া কৃত্রিম উপাদান (সিন্থেটিক) দিয়ে তৈরি ইতিহাসের প্রথম মডেল, যা এখন ফুটবল ইতিহাসের এক পরম নিদর্শন।
এই বলটি দিয়েই সেদিন ব্রিটিশদের স্বপ্ন ভেঙে আর্জেন্টিনাকে বিশ্বজয়ের পথে নিয়ে গিয়েছিলেন ফুটবল ঈশ্বর।
আমেরিকান নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ এই ঐতিহাসিক নিলামের আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩১ জুলাই থেকে শুরু হয়ে এই নিলাম চলবে ২২ আগস্ট পর্যন্ত। বলটির প্রাথমিক বা শুরুর মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার (প্রায় ২.৫ মিলিয়ন)। তবে নিলাম বিশেষজ্ঞদের ধারণা, চূড়ান্তভাবে বলটির বিক্রয়মূল্য ১ কোটি ডলার (১০ মিলিয়ন) ছাড়িয়ে যেতে পারে। আর যদি সত্যিই এই দামে বলটি বিক্রি হয়, তবে এটি ক্রীড়া স্মারকের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়বে।
এখন পর্যন্ত ক্রীড়া জগতের সবচেয়ে দামি স্মারক বিক্রির রেকর্ডটিও রয়েছে এই ঐতিহাসিক ম্যাচেরই অন্য একটি জিনিসের দখলে। সেটি হলো সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে মারাদোনার পরা সেই বিখ্যাত নীল জার্সিটি। ইংলিশ ফুটবলার স্টিভ হজের কাছে দীর্ঘ ৩৬ বছর ধরে থাকা সেই জার্সিটি ২০২২ সালের মে মাসে ‘সদবিস’ (Sotheby’s) নিলামে ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
ম্যাচটির একমাত্র রেফারি তিউনিসিয়ার আলী বিন নাসেরের সনদ অনুযায়ী, পুরো ম্যাচে এই একটি বলই ব্যবহার করা হয়েছিল। ফিফার প্রটোকল অনুযায়ী ম্যাচ শেষে বলটি নিজের কাছে রেখেছিলেন তিনি এবং রেফারি প্যানেলের বাকি সদস্যদের দিয়ে এটিতে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন।
দীর্ঘ ৩৬ বছর নিজের কাছে রাখার পর ২০২২ সালের নভেম্বরে লন্ডনের ‘গ্রাহাম বাড অকশনস’ থেকে ২৩ লাখ ৭০ হাজার ডলারে বলটি কিনে নিয়েছিলেন এক অজ্ঞাতনামা ক্রেতা। কাতার বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এটি বিক্রি হয়েছিল, যা পরবর্তীতে আর্জেন্টিনা জিতেছিল।
এবার বলটি যুক্তরাষ্ট্রের প্রদর্শনীতে রাখা হবে এবং এটি নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে। হেরিটেজ অকশনসের নিলামকারী মাইক প্রোভেনজালে বলেন, ‘এটি একটি অনন্য নিদর্শন। ফুটবল ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারক এটি।’
মন্তব্য করুন