
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, কৈখালী ও মথুরাপুরের জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
বুধবার (২৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি শৈলকুর বিলে অপরিকল্পিতভাবে নির্মিত বিভিন্ন মৎস্যঘেরের বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
পরে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মৎস্য ঘের ব্যবসায়ী ও গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় মাগুরা, তালতলা, কৈখালী এলাকায় বৃষ্টির পানি আটকে থাকার কারণ জানতে চান এবং জলাবদ্ধতার কারণে গ্রামবাসীর বিভিন্ন সমস্যার কথা গুরুত্বের সাথে শোনেন এবং তা সমাধানের জন্য আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের দিকে শৈলকুর বিলে প্রত্যেক ঘেরের পাশ দিয়ে ক্যানেল তৈরি করে পানি সরার ব্যবস্থা করে ঘের পরিচালনা করতে হবে। মৎস্য ঘের করতে হলে পরিকল্পিতভাবে করতে হবে এবং তা মৎস্য অধিদপ্তরের অনুমোদন থাকতে হবে। এছাড়া আগামীতে রাস্তার দুই ধার দিয়ে ড্রেন নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।
লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বর নজিবুর রহমান টুটুল, ৭নং ওয়ার্ডের সদস্য আলী হোসেন, জেলা যুবদল নেতা আলিমুজ্জামান, ঘের ব্যবসায়ী কামরুজ্জমান। আরও উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, যশোর আলী, গিয়াস উদ্দীন, হেকমত আলী, অজেদ আলী, শওকত আলী, জুলফিকার আলী, আবুল কাসেম, আব্দুল খালেক, ইদ্রিস আলী, হাবিব, রাজিব, মিজানুর রহমান, শহর আলী, মোজারুল ইসলামসহ গ্রামের শতশত নারী-পুরুষ।
মন্তব্য করুন