
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত গ্রহণ করেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেল ৫টায় রতনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ ও সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।
আরও বক্তব্য দেন শেখ আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান, রতনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি বাকি বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই উন্নয়নের মূল ভিত্তি। রতনপুর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সবুর সাইফুল।
মন্তব্য করুন