
ডেস্ক রিপোর্ট: মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি জানাজানি হলে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এর কিছু সময় পর শহরের গুরুত্বপূর্ণ কোর্ট মোড় চত্বর থেকে একই ধরনের আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পরে সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী স্থানের বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি একই ধরনের বস্তু দেখতে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সবগুলো বস্তু দেখতে সাউন্ড বক্সের মতো। সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী স্থানের বৈদ্যুতিক তারে ঝুলন্ত বস্তুটিতে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা যাচ্ছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে থানায় নেওয়া হচ্ছে। এগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বস্তুগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন