
শ্যামনগর প্রতিনিধি: ইঞ্জিন ভ্যানে সাতক্ষীরার শ্যামনগর থেকে কালিগঞ্জের নলতায় কোম্পানির মালামাল ডেলিভারি দিতে যাচ্ছিলেন আহাম্মেদ রায়হান (২৫)। পথে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় তার মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান শ্যামনগর পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুস সবুর গাজীর ছেলে। তিনি শ্যামনগর সরকারি মহাসিন কলেজ মসজিদ মার্কেটে অবস্থিত বিসমিল্লাহ ট্র্যাভেলস নামীয় একটি ফার্নিচার ও ক্রোকারিজের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। রায়হান তার নানাবাড়ি শ্যামনগর পৌরসভার কাতখালী গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর নানার নাম আবু কাউসার গাজী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে একটি ইঞ্জিন ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন রায়হান। কালিগঞ্জ ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছুলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রায়হান ভ্যান থেকে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহের বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রায়হান মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরসের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দ্য এডিটরস পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
মন্তব্য করুন