
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জামায়াত নেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য চাষীদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল চিংড়ি চাষীকে সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—এস এম ইমদাদুল হক, রেজাউল করিম পাড় ও কিশোর কুমার মণ্ডল।
মন্তব্য করুন