
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জন্য আইনি সেবা আরও সহজলভ্য করতে খুলনার পাইকগাছায় যাত্রা শুরু করেছে অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ওআরডি) সেন্টার। দেশের বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে শুক্রবার পাইকগাছা চৌকি আদালতে প্রথমবারের মতো এ ধরনের আইনি সেবাকেন্দ্র চালু করা হয়।
পাইলট প্রকল্পের আওতায় চালু হওয়া ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দারা এখন নিজ এলাকা থেকেই আইনি পরামর্শ ও বিরোধ নিষ্পত্তির সেবা গ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। তিনি বলেন, পাইকগাছার মতো লবণাক্ত ও প্রান্তিক অঞ্চলের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যেতে হবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মাসুদা ইয়াসমিন। তিনি বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। ওআরডির অন্যতম প্রধান সুবিধা হলো ভৌগোলিক দূরত্বের বাধা কমানো। তবে ওআরডি বিচারব্যবস্থার বিকল্প নয়; বরং বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণকেন্দ্রিক করার একটি সহায়ক মাধ্যম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খান। তিনি বলেন, ভৌগোলিক দূরত্ব, যাতায়াত ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে পাইকগাছার মতো প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় আইনগত সহায়তা ও বিরোধ নিষ্পত্তির সেবা থেকে বঞ্চিত হন। ফ্রেন্ডশিপ ওআরডি সেন্টারের প্রধান লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে এসব বাধা কমিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ম. রোমানা আফরোজ। ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির ইনক্লুসিভ সিটিজেনশিপের সহকারী মহাব্যবস্থাপক-আইন অ্যাডভোকেট আশিকুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হযরত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি. এম. আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপের উদ্যোগে এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে উপযুক্ত বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে বিরোধ নিষ্পত্তির জন্য দূরবর্তী জেলা শহরে বারবার যাতায়াত করতে হবে না। এতে সময়, যাতায়াত ব্যয় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন