
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জামিনে থাকা ইয়াবা মামলার এক আসামির হাতুড়ির আঘাতে বাঁধন (১৭) নামে এক কারুশিল্পী গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কেশবপুরের ২৩ মাইল সংলগ্ন একটি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত বাঁধন কন্দপপুর গ্রামের মিল্টন ওরফে চন্টার ছেলে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ফুটবল খেলা চলাকালে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে বাঁধনের সঙ্গে আলতাপোল গ্রামের আলমগীর মোড়লের ছেলে হুমায়ুন কবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন কবির হাতুড়ি দিয়ে বাঁধনের মাথায় আঘাত করেন। এতে বাঁধন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত বাঁধনের বাবা মিল্টন ওরফে চন্টা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য কথা-কাটাকাটির একপর্যায়ে আমার ছেলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
এ ঘটনায় বাঁধনের পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল ও অভিযুক্ত হুমায়ুন কবিরের বাড়ি পরিদর্শন করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিষয়টি তদন্ত করছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সোনা খাতুন সাংবাদিকদের বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বাড়ি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন