
ডেস্ক রিপোর্ট: স্ত্রীর করা যৌতুক মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজয় কুমার জোয়ার্দার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের পরিমল জোয়ার্দারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার রক্কুরপাড়া গ্রামের গোপাল সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে ২০২২ সালে বিজয় কুমার জোয়ার্দারের বিয়ে হয়। পরে বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সুমি কাসারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুক্তাকে চিকিৎসার জন্য ভারতে পাঠিয়ে পরে নিজে সেখানে যাওয়ার কথা বলেন বিজয়। মুক্তা ভারতে অবস্থানকালে জানতে পারেন, সুমি আশাশুনিতে বিজয়ের সঙ্গে অবস্থান করছেন। খবর পেয়ে তিনি দ্রুত ভারত থেকে আশাশুনিতে ফিরে আসেন। এসময় নিজ গ্রামে ঘরবাড়ি নির্মাণের জন্য বিজয়ের পক্ষ থেকে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৩ ফেব্রুয়ারি মুক্তাকে মারধর করা হয় এবং পরদিন পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি সকালে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ৪ মার্চ স্বামী বিজয় জোয়ার্দার, শ্বশুর পরিমল কুমার জোয়ার্দার, শাশুড়ি ঊষা রানী জোয়ার্দার, ভাসুর পরিতোষ কুমার জোয়ার্দার ও সুমি কাসারীকে আসামি করে আশাশুনি থানায় মামলা করেন মুক্তা।
মামলার পর বিজয় কুমার জোয়ার্দার হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অস্থায়ী জামিনে ছিলেন তিনি। এর মধ্যে তাঁকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
সোমবার বিজয় জোয়ার্দারের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুজ্জামান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিজয় জোয়ার্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বিজয় জোয়ার্দারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন