
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বহুল প্রচলিত পত্রিকা দৈনিক দৃষ্টিপাত এর সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বেশ কিছুদিন যাবত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাত এর নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা বলেন, তার মরদেহ সাতক্ষীরায় আনার প্রক্রিয়া চলছে। জানাযা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিএম নুর ইসলাম সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
আশির দশকে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিপণনকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যম জগতে প্রবেশ করেন তিনি। এরপর খুলনার দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি হিসেবে শুরু করেন সাংবাদিকতা। ২০০০ সালে বাজারে আসে তার মালিকানাধীন পত্রিকা দৈনিক দৃষ্টিপাত। জীবনের শেষ দিন অবধি তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন