
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে তনয় মল্লিক নামে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন-২০০৯-এর ১৭ ধারার ৩ উপধারা অনুযায়ী তনয় মল্লিককে দোষী সাব্যস্ত করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত তনয় মল্লিক কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার নীল রতনের ছেলে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষি উপকরণ হিসেবে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন