
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
টাইব্রেকারে কালিগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আশাশুনি।
রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ ১-১ গোলে ড্র হলে ফলাফল গড়ায় টাইব্রেকারে।
এদিকে, জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ক্রীড়ামোদী দর্শকের উপচে পড়া ভীড়ে সাতক্ষীরা স্টেডিয়াম পরিণত হয় জনসমুদ্রে। শুধু স্টেডিয়ামই নয়, গোটা সাতক্ষীরা শহর রূপ নেয় ফুটবলের শহরে।
খেলার প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় ৯ নাম্বার জার্সিধারী সজীবের গোলে ১-০ তে এগিয়ে যায় আশাশুনি উপজেলা দল। পরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে কালিগঞ্জ উপজেলা দল।
উত্তেজনাপূর্ণ ফাইনালের দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটের মাথায় কালিগঞ্জ উপজেলা দলের বিদেশি খেলোয়াড় আল আমিনের গোলে খেলায় সমতা ফিরে আসে। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন।
টাইব্রেকারে কালিগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আশাশুনি।
ফাইনালে রেফারি হিসেবে মাঠ পরিচালনা করেন আবু সুফিয়ান। সহকারী ছিলেন নাসির উদ্দীন ও জাহাঙ্গীর কবির। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন আতাউর রহমান। মাঠে ধারা বিবরণীতে ছিলেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন ও আশরাফ হোসেন।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি কাজী আলাউদ্দীন, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহবায়ক এএইচএম রহতুল্লাহ পলাশ, সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
মন্তব্য করুন