
উপকূলীয় প্রতিনিধি: নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং নারীর সামাজিক ও পারিবারিক অগ্রযাত্রায় পুরুষের ইতিবাচক ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্পের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুব দলের পাঁচজন ও নারী দলের দুইজনসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে ছিলেন নিলীমা রানী, শুভ্রা রানী মণ্ডল ও তন্দ্রা রানী।
কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার, জেন্ডার সমতা, নারীর অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার এবং নারীদের সামাজিক ও পারিবারিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীর ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পরিবার ও সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা, অধিকার ও সুযোগ নিশ্চিত করা গেলে নারীর পাশাপাশি পুরো সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। নারীর অগ্রযাত্রায় পুরুষের সহযোগিতা, ইতিবাচক মনোভাব ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন