
অনলাইন ডেস্ক: দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এই নীতিমালার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশজুড়ে বৃহৎ পরিসরে বাস্তবায়নের প্রশাসনিক ও কাঠামোগত ভিত্তি তৈরি হলো।
নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে প্রতি মাসে নগদ সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে। কর্মসূচিটির উদ্দেশ্য হলো দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
নীতিমালায় বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এর মূল দর্শন—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই দর্শনের ভিত্তিতে প্রান্তিক, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ওয়ান-আইডি’ হবে কর্মসূচির ভিত্তি
নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের প্রতিটি পরিবারকে একক ও ডিজিটাল পরিচয়ের আওতায় আনতে ‘ওয়ান-আইডি’ ব্যবস্থাকে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এটি শুধু একটি পরিচিতি নম্বর হিসেবে নয়, বরং সরকারি তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবেও কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জাতীয় স্বার্থে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ তথ্য ব্যবহারের সুযোগ পাবে।
৮ ধরনের পরিবার ফ্যামিলি কার্ড পাবে না
নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ নির্ধারণ করা হয়েছে। নিচের যেকোনো একটি শর্ত পূরণ হলে ব্যক্তি বা পরিবার এ সুবিধার জন্য অযোগ্য বিবেচিত হবে—
১. নির্ধারিত PMT স্কোরের বেশি হলে
সরকার নির্ধারিত পিএমটি (Proxy Means Test) স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না।
২. নারী পরিবার প্রধান নিয়মিত সরকারি বেতন পেলে
মনোনীত নারী পরিবার প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি এ সুবিধার বাইরে থাকবেন। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরাও এ সুবিধা পাবেন না।
৩. নিয়মিত সরকারি পেনশন পেলে
মনোনীত নারী পরিবার প্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা গ্রহণ করলে ফ্যামিলি কার্ডের জন্য বিবেচিত হবেন না। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারী এ শর্তের আওতামুক্ত থাকবেন।
৪. ৫ লাখ টাকার বেশি সঞ্চয় বা বিনিয়োগ থাকলে
পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে পরিবারটি বাদ পড়বে। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।
৫. তিন বা চার চাকার মোটরযান থাকলে
পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে এ সুবিধা মিলবে না। এর মধ্যে সিএনজি বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।
৬. বড় বাণিজ্যিক ব্যবসা থাকলে
পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্সধারী ব্যবসা থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বাদ পড়বে।
৭. করযোগ্য আয় ও নিয়মিত কর প্রদান থাকলে
পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তার করযোগ্য আয় থাকলে ওই পরিবার ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য হবে না।
৮. নির্দিষ্ট পরিমাণ জমি বা মূল্যবান অকৃষি সম্পদ থাকলে
বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। পাশাপাশি কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি সুবিধার বাইরে থাকবে।
একসঙ্গে একাধিক সরকারি সুবিধা নেওয়া যাবে না
ফ্যামিলি কার্ডের মনোনীত নারী পরিবার প্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক, খাদ্য বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না।
নীতিমালা অনুযায়ী, কোনো নারী পরিবার প্রধান আগে থেকেই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি কিংবা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধা নিয়ে থাকলে কেন্দ্রীয় ডেটাবেজ যাচাইয়ের মাধ্যমে আগের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে।
একই নিয়ম প্রযোজ্য হবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা সমজাতীয় সরকারি নগদ সহায়তার ক্ষেত্রেও। অর্থাৎ, এসব সুবিধা গ্রহণকারী নারী পরিবার প্রধান ফ্যামিলি কার্ড চালু হওয়ার পর আগের সুবিধা একই সঙ্গে রাখতে পারবেন না।
তবে মনোনীত নারী পরিবার প্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা গ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন