
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামে একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক জামিরুল ইসলাম (২৬)।
জামিরুল ইসলাম জানান, গ্রামের বাড়িতে তিনি ও তার পরিবার নিয়মিত থাকেন না। বর্তমানে তিনি তার মা ও পরিবারের সদস্যদের নিয়ে শ্রীপুর এলাকায় বসবাস করেন।
ঘটনার রাতে প্রতিবেশীরা ফোন করে তাকে জানান, তার গ্রামের বাড়ির ঘরে আগুন জ্বলছে। খবর পেয়ে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নেন এবং ঘটনাস্থলে পৌঁছান।
জামিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ঘরের খাটসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে গেছে। এতে তার ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, কে বা কারা রাতের আঁধারে তার বসতঘরে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন