
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা কলেজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে খবর প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা পৌরসভা ভবনের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজাহার জমা দেয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দৈনিক সাতনদীতে দাঁতভাঙ্গা কলেজের ২০২৪ ও ২০২৫ সালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশ করা হয়। দাতভাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দীনের বিরুদ্ধে খবর প্রকাশের জেরে সাতনদী সম্পাদককে প্রকাশ্যে হুমকি দিতে থাকে তার দূর সম্পর্কের বোন জামাই হাফিজ।
হাফিজের বাড়ি শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে। তার পিতার নাম খবির উদ্দীন। বর্তমানে তিনি সদর উপজেলার খড়িবিলা অঞ্চলে বসবাস করে।
এজাহারে বলা হয়েছে, রোববার দুইটার সময় হাবিবুর রহমান ব্যক্তিগত কাজে পৌরসভায় প্রবেশকালে হাফিজসহ অজ্ঞাতনামা ২/৩ জন তার গতিরোধ করে নাসির উদ্দীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিষয়ে কৈফিয়ত চায়। পরে হাবিবুর রহমান পৌরভবনে প্রবেশ করে ১১৪নং কক্ষে নিজের কাজ করার সময় হাফিজসহ অজ্ঞাতনামা ২/৩ জন প্রবেশ করে এবং হাবিবুর রহমানকে বলতে থাকে ‘আমার বিরুদ্ধে কি নালিশ করছিস’, এ কথা বলেই হাবিবুর রহমানের চোখ মুখে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। হাবিবুর রহমানকে মাটিতে ফেলে শ্বাসরোধ করার চেষ্টা চালানো হয়। এতে হাবিবুর রহমান মুখে, ঠোটে, বুকে, ঘাড়ে ও গলায় রক্তাক্ত জখম হয়। হামলার শিকার হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৯৯৯ লাইনে ফোন দিলে হামলাকারীরা সটকে পড়ে। পরে সদর থানা পুলিশ দু’দফায় ফোন করে হাবিবুর রহমানের খোঁজ খবর নেন। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সন্ধ্যারাতে সাতক্ষীরা সদর থানায় এজাহার জমা দেন।
এ বিষয়ে হাফিজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন