
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
দোকান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার জানান, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন লকার ভেঙে স্বর্ণ ও রূপার বিভিন্ন মালামাল এবং লকারে রক্ষিত নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দোকানের মালিক ও সংশ্লিষ্টরা মালামালের হিসাব-নিকাশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন জানা গেছে।
চুরির খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনার সময় বাজারে দায়িত্বে থাকা নাইট ডিউটির কর্মীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহসহ চুরির রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন