
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর নাগরিক সমাজের অর্ধ-বার্ষিক সভায় বক্তারা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিতব্য গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ, যত্রতত্র না ফেলা এবং মেলার ও ড্রেনের বর্জ্য মিশ্রিত নোংড়া পানি যাতে পৌর দীঘিতে না পড়ে সে বিষয়ে এখনই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সুইসকন্টাক্ট বাংলাদেশ, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহায়তায় এবং রূপান্তরে আয়োজনে রোববার ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে সাতক্ষীরা পৌর নাগরিক সমাজের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
কমিটির সম্পাদিকা তাপসী মন্ডলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর জোহুরা খাতুন মীরা ।
আরো বক্তব্য রাখেন রূপান্তরের কোঅর্ডিনেটর সবুজ কুমার সাহা, সাতক্ষীরা পৌর নাগরিক সমাজের সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।
সভায় নাগরিক সমাজের সদস্যরা আসন্ন সাতক্ষীরা পৌরসভার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার বর্জ্য ব্যবস্থাপনার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় মেলার স্থানটি মেলা চলাকালীন ও পরবর্তী সময়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেবিষয়ে পৌরসভার নিকট একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা পৌর নাগরিক সমাজের উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার কিছু নির্দিষ্ট স্থানে বৃক্ষরোপণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন