
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সনাক-টিআইবি’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি বলেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই স্বচ্ছতা নিশ্চিত হবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা জরুরি। সাতক্ষীরা জেলার তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এর আগে সনাক-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আল-আমিন সাতক্ষীরা জেলার তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত দপ্তরসমূহের ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২৬ এবং টিআইবির ধারণাপত্র ‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’ উপস্থাপন করেন। এসময় তিনি বলেন তথ্য অধিকার নিশ্চিত করতে স্বাধীন তথ্য কমিশন গঠন সময়ের দাবি। পাশাপাশি সরকারি দপ্তরের ওয়েবসাইটে জনগণের প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তথ্য প্রাপ্তির অধিকার ভোগ করতে পারে।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সদস্য প্রফেসর আব্দুল হামিদ, সদস্য আবুল বাশার (পল্টু), নারী অধিকার কর্মী ফরিদা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন