
হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ।
মামলার নথি অনুযায়ী, ওই কিশোরী ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রওশন শেখ খাবার দেওয়ার কথা বলে ডেকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকার একটি মুরগির খামারের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা কামরুল শেখ পাটকেলঘাটা থানায় মামলা করেন। ২০২৫ সালের ২৩ মে মামলাটি দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষ অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ শুনানি করেন।
মন্তব্য করুন