
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জুলাই যোদ্ধা রুবেল হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মাদকদ্রব্য বিক্রির বিরোধিতা করাকে কেন্দ্র করে শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কাশিমাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আজিম গাজী (৩৫) ও জুলাই যোদ্ধা রুবেল হোসেনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, কাশিমাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক লীগ নেতা উজ্জল ও তাঁতী লীগ নেতা শিহাবের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আজিম গাজী বলেন, শিহাব ও সুমন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয় লোকজন তাঁদের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মাদক বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছে- এমন অভিযোগে আটুলিয়া ইউনিয়নের সঙ্গে ঝুরঝুরিয়া খালের ওপর নির্মিত কাঠের সাঁকোটি খুলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আজিম গাজীর ভাষ্য, শুক্রবার স্থানীয় লোকজন তাঁদের কাছে শিহাব ও সুমনের মাদক বিক্রির বিষয়ে অভিযোগ করেন। পরে শনিবার সকালে শিহাব ও সুমনকে ডেকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল মজিদ, শিহাব ও সুমনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের পক্ষ নিচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল মজিদ, উজ্জল, শিহাব ও সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর জানিয়েছেন, রাত সাড়ে নয়টা পর্যন্ত হামলার ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন