
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) এই তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, ১১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিল, ১৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৯ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল এবং ২৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২৭ অক্টোবর মনোনয়নপত্র সরবরাহ এবং ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৪ ও ৫ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপত্তি দাখিল, ৯ নভেম্বর আপত্তি নিষ্পত্তি, আপত্তি নিষ্পত্তির পরও কোনো অভিযোগ থাকলে ১০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত কার্যনির্বাহী পরিষদ (নির্বাচনী ট্রাইব্যুনাল)-এর কাছে আপিল দাখিল করা যাবে।
১৭ নভেম্বর মনোনয়নপত্র পর্যন্ত প্রত্যাহার এবং ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
তফসিলে আরও উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলসহ নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম নির্বাচন কমিশনের নির্ধারিত কার্যালয়ে সম্পন্ন হবে।
প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আইনজীবীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রার্থী ও সমর্থকরা নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে।
মন্তব্য করুন