
কয়রা (খুলনা) প্রতিনিধি: সার বিক্রয় রেজিস্টারে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করার অভিযোগে খুলনার কয়রায় দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কয়রা বাজার ও হায়াতখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রয় রেজিস্টারে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলা সদরের মিলন কৃষি বিতানের মালিক মিলন কুমার মণ্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই অভিযোগে হায়াতখালী বাজারের রিজিয়া স্টোরের মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, কৃষকদের জন্য নির্ধারিত সার যথাযথভাবে বাজারজাত ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন