
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা ও গুনাকরকাটি বাজারের একজন ফার্নিচার মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান, তিনি চাউলের চাতালে কাজ করছিলেন। হঠাৎ দেখতে পান রবিউল ইসলাম চতুর্থ শ্রেণীর ঐ শিক্ষার্থীকে অচেতন অবস্থায় বাইরে ফেলে রেখে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। এ সময় তিনি এগিয়ে গিয়ে অচেতন শিশুটিকে উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করেন।
পরে শিশুটির কাছে ঘটনার বর্ণনা শুনে তাকে বাড়িতে পৌঁছে দেন এবং শিশুটির পরিবারের কাছে ঘটনা খুলে বলেন।
বিষয়টি জানাজানি হলে, স্থানীয়রা রবিউল ইসলামকে আটক করে রাখে। পরে আশাশুনি থানা পুলিশের এস আই আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে রবিউল ইসলামকে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা-মাতাসহ স্থানীয়রা রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বলেন, পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন