
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন প্রমুখ।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও ইউপি সদস্য কৃষ্ণ রায়, বিপুল সরদার, গৌরাঙ্গ প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পূজা চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন