
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে এক জেলের সাগরে মাছ ধরার সাত সেট জাল রাতের আঁধারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর রাত আড়াইটার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুরের গোলাম শেখের ছেলে আহসান শেখের নদীর পাড়ের ঘরে রাখা এসব জাল জ্বালিয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত আহসান শেখ বলেন, ঘরে দুবলার চরে মাছ ধরতে যাওয়া সাত সেট জাল, কাছি ড্রামসহ সকল সরঞ্জামদি রাখা ছিল। রাতে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার জালসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আহসান শেখের ছেলে ওবায়দুল্লাহ বলেন, সাগরে যেতে আর ১৫ দিন বাকি। মহাজনের কাছ থেকে ১২ লাখ টাকা সুদে নিয়ে নৌকা তৈরি করেছি। দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছে। এ সিজনে আর সাগরে মাছ ধরতে যাওয়া হবে না। এখন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ দেখতে পাই রাস্তার পাশে একটি ঘরে আগুন জ্বলছে। পরে ঘরের মালিককে খবর দিলে তারা এসে আগুন নিভানো। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মন্তব্য করুন