
ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন সংস্কারের অভাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের আজ বেহাল দশা। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা।
জানা গেছে, অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাব এবং কাদা পানিতে জরাজীর্ণ ও ভগ্নদশা সৃষ্টি হয়েছে মাঠটির। এতে অযোগ্য হয়ে পড়েছে খেলাধুলার।
যা স্থানীয় শিশু, কিশোর ও তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে মারাত্মক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীসহ তরুণদের পদচারণায় মুখরিত থাকে মাঠটি।
কিন্তু অসমতল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় কাদা জমেছে, গর্ত তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যাপ্ত খেলার পরিবেশ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসী ও শিক্ষার্থীদের।
জানা গেছে, বিকেল হলেই শত শত বিভিন্ন বয়সী খেলোয়াড় ও শিক্ষার্থীর হৈ-হুল্লোড়ে মুখর হয়ে ওঠে মাঠটি। প্রায় সারা বছরই বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতাসহ ক্রিকেট, ফুটবল-ভলিবলের মতো খেলায় জমজমাট থাকে মাঠের পরিবেশ। এ মাঠেই আয়োজন করা হয় বিভিন্ন টুর্নামেন্ট।
এ ব্যাপারে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, ইতিমধ্যে এলাকাবাসীর সুবিধার্থে ও মাঠের পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই মাঠটিকে সংস্কারসহ মিনি স্টেডিয়াম করার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দেওয়া আছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই মাঠ সংস্কারের কাজ শুরু হবে।
এব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, সংস্কারের অভাবে ও অযত্নে থাকা খেলার মাঠটি খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছে। সৌম্য ও মোস্তাফিজরা এই মাঠ থেকেই আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছে। কর্তৃপক্ষ যেন দ্রুত মাঠটি সংস্কার করেন সেই দাবী জানাচ্ছি।
মন্তব্য করুন